spot_img
spot_img

গত এক বছরে প্রায় ২০ লাখ আফগান অভিবাসী দেশে ফিরেছেন: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, গত ১৪৪৭ হিজরি চান্দ্র বছরে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে প্রায় ২০ লাখ আফগান অভিবাসী দেশে ফিরে এসেছেন।

‘গভর্নমেন্ট ইন দ্য মিডিয়া মিরর’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

মাওলানা মুজাহিদ বলেন, গত এক বছরে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে মোট ৪ লাখ ১৯ হাজার ৭৫টি পরিবারের ১৯ লাখ ৯৭ হাজার ৪৭১ জন আফগান দেশে ফিরে এসেছেন।

তিনি জানান, ইরান ও পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগান অভিবাসীদের সহায়তার জন্য দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ২ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ডলারের বেশি এবং ৪ কোটি ৮০ লাখের বেশি আফগানি সংগ্রহ করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র বলেন, গত ১৪৪৭ হিজরি বছরে আফগানিস্তানে ৬ লাখ ৮০ হাজার ৫৮৩ জন এতিম, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিকে নিবন্ধন করা হয়েছে। তাদের মধ্যে ৬ লাখ ৫০ হাজার মানুষকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নগদ সহায়তা হিসেবে ১২ দশমিক ৬ বিলিয়ন আফগানি দেওয়া হয়েছে।

মাওলানা মুজাহিদ বলেন, একই সময়ে ঝুঁকিতে থাকা শিশুদের ১৩ হাজার ৭৭৪টি ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করেছে। পাচারের শিকার, ঝুঁকিতে থাকা এবং সংশোধনাগারের তত্ত্বাবধানে থাকা শিশুসহ ৭ হাজার ২৩০ শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিদেশি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানে কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলোর জন্য বরাদ্দ করা বিদেশি সহায়তা ইমারাতে ইসলামিয়া ব্যবহার করেনি। বিদেশি সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলেও আফগান জনগণের এখনো মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে।

মাওলানা মুজাহিদ আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ২ কোটি ২২ লাখ ৯৭ হাজার ডলারের বেশি এবং ৯ কোটি ৩০ লাখের বেশি আফগানি সংগ্রহ করা হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ