spot_img
spot_imgspot_img

সৌদি আরবের সশস্ত্র ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

ইয়েমেনের আল-জাওফ প্রদেশে সৌদি আরবের একটি সিএইচ-৪ সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। কয়েক দিন ধরে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষের মধ্যেই এ দাবি করল গোষ্ঠীটি।

রোববার (৬ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেন।

তিনি বলেন, আল-জাওফ প্রদেশের খাব্ব ওয়া আশ শা’আফ জেলার আকাশে ‘শত্রুতামূলক কার্যকলাপ’ চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র বলেন, সৌদি ড্রোনটি ভূপাতিত করার পাশাপাশি ইয়েমেনের আকাশসীমায় যেকোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে ইয়াহিয়া সারির সৌদি সিএইচ-৪ ড্রোন ভূপাতিতের দাবির কথা উল্লেখ করা হয়েছে। সৌদি আরব তাৎক্ষণিকভাবে এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে কয়েক বছর পর ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসব লড়াইয়ে তাইজ ও হোদেইদা প্রদেশে সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয়েছে। আল-জাজিরার ৬ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু তাইজ প্রদেশেই শনিবারের সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর আগে ৪ সেপ্টেম্বর আল-জাজিরা জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষের শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন বলে হুথিদের একটি সূত্র দাবি করেছে। একই সময়ে সরকারি বাহিনীর পক্ষ থেকেও হতাহতের তথ্য দেওয়া হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা পশ্চিম তাইজ ও দক্ষিণ হোদেইদা দিয়ে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকার দিকে বড় ধরনের অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য গুরুত্বপূর্ণ আল-মাখা বন্দর ও বাব আল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়া।

সংঘর্ষের কারণে দুই দিনে প্রায় ১ হাজার ৮০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর। একই সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান জোরদার করেছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ