বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নির্বাচনের আগে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন পাসের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন কোরআন-সুন্নাহবিরোধী। আইনটি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, এর করুণ পরিণাম তাদের ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এমন আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে।












