ইরানের বিরুদ্ধে আমেরিকার জয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে কমবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের পর আমেরিকায় প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসবে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে চলে যেতে পারে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, তেলের দামে এই পতন খুব দ্রুতই দেখা যাবে।
ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প আবারও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
এদিকে হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৬ ডলার পর্যন্ত ওঠে। পরে দিন শেষে দাম দাঁড়ায় ৯৭ দশমিক ৩১ ডলারে।
গত পাঁচ দিনে তেলের দাম প্রায় ৯ শতাংশ এবং গত এক মাসে প্রায় ১৯ শতাংশ বেড়েছে। সোমবারের সর্বোচ্চ বাজারদর গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ। ওই দিন ব্রেন্ট তেলের দাম ৯৭ দশমিক ৯৩ ডলারের ওপরে উঠেছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
সূত্র আল-জাজিরা












