প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে গত তিন বছর ধরে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এ হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ফলে দেশের প্রায় ২২ শতাংশ মানুষ এখনো পড়তে ও লিখতে জানেন না। এমন পরিস্থিতিতে শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার বাইরে থাকা মানুষদের সাক্ষরতার আওতায় আনতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। বিদ্যালয়বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর-কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্কদের সাক্ষর ও দক্ষ করে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে মিড-ডে মিল ও স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের স্কুলমুখী রাখতে ভবিষ্যতে আরও সুবিধা যুক্ত করবে সরকার। পাশাপাশি নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাকেই সরকারের মূল লক্ষ্য।












