শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে ঢাকা শহরকে বদলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে নগরের বর্জ্যকেও সম্পদে পরিণত করা সম্ভব, বিশ্ব সাক্ষরতা দিবসের আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক। আমরা বলেছিলাম, ‘চলো বদলে দিই ঢাকা উত্তর’ সেই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ শুরু করেছি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দ বাজার এলাকায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, বর্জ্য কোনো সমস্যা নয়, বরং এটি একটি সম্পদ। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকেই উন্নতি ও অগ্রগতি সম্ভব।
তিনি আরও বলেন, শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমেই আমরা ঢাকা শহরকে বদলে দিতে চাই। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ২০টি স্মার্ট বিন স্থাপন করে বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এসব বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম তৈরি করা হয়েছে।
জামায়াতে এই নেতা বলেন, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে অনেক কিছুই করা সম্ভব। আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী আজ কোমলমতি শিশুদের হাতে পরিবেশবান্ধব কলম তুলে দিতে পেরেছি। এটি আমাদের কাজের একটি ছোট্ট উদাহরণ মাত্র।
তিনি আরও বলেন, এ ধরনের নতুনত্ব ও স্মার্ট চিন্তা আমাদের পথচলার শুরু মাত্র। ভবিষ্যতেও নগরবাসীর কল্যাণে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।












