বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে জড়িতদের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত এবং বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে সরকার রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইত্তেফাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেন সম্প্রতি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধনের ওপর হামলা চালিয়েছেন।
আখতার হোসেন আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতিসংঘের একটি কর্মসূচিতে অংশ নিতে আমেরিকায় গেলে তিনিও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে যুক্ত সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা বিদেশে গেলে তাদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির ঘটনাও অব্যাহত রয়েছে বলে তিনি সংসদে উল্লেখ করেন।
এসব ঘটনায় বিদেশের মাটিতে হামলাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জবাবে হুমায়ুন কবির বলেন, ইতালির ভেনিসে বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় সরকার কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কোনো দ্বিধা করবে না। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করা হবে।
তিনি আরও বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল।
হুমায়ুন কবির বলেন, জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, গণহত্যা ও অন্যান্য অপরাধে জড়িত এবং বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করবে।
হাসিনাসহ বিদেশে অবস্থান করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া ব্যক্তিদের ‘আইনের দীর্ঘ হাত’ ব্যবহার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।












