২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের পর দেশটিতে রেখে যাওয়া বিপুল সামরিক সরঞ্জাম এখন আফগান সরকারের সম্পদ বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এ বিষয়ে কথা বলেন।
বালখি বলেন, আফগানিস্তানে থেকে যাওয়া এসব সামরিক সরঞ্জাম এখন আফগান সরকারের মালিকানাধীন। তাই এসব নিয়ে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা বাণিজ্যে যেতে আগ্রহী নয় ইমারাতে ইসলামিয়া।
তিনি বলেন, “এই সরঞ্জাম এখন আফগান সরকারের মালিকানাধীন। সরকারের সম্পদ নিয়ে আমরা কোনো চুক্তি বা বাণিজ্য করতে চাই না।”
এসব সরঞ্জাম আমেরিকার করদাতাদের অর্থে কেনা হয়েছিল—এ বিষয়ে প্রশ্ন করা হলে বালখি আফগানিস্তানে আমেরিকার প্রায় দুই দশকের সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, দীর্ঘ সময়ের ওই সামরিক অভিযানে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আফগানিস্তানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
বালখি পাল্টা প্রশ্ন করেন, “আমেরিকানদের কি প্রথমে এসব কর্মকাণ্ডের খরচ পরিশোধ করা উচিত নয়?”
উল্লেখ্য, আফগানিস্তানে থেকে যাওয়া এসব সরঞ্জামের বড় একটি অংশ আমেরিকান সেনাদের সরাসরি ব্যবহৃত সামরিক সরঞ্জাম ছিল না। প্রায় দুই দশক ধরে তৎকালীন আফগান নিরাপত্তা বাহিনীর সামরিক সক্ষমতা গড়ে তুলতে আমেরিকা এসব সরঞ্জাম সরবরাহ করেছিল।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত তৎকালীন আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসের কাছে প্রায় ১৮.৬ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হস্তান্তর করা হয়।
২০২১ সালের আগস্টে আমেরিকার সেনা প্রত্যাহার ও তৎকালীন আফগান সরকারের পতনের সময় এর মধ্যে প্রায় ৭.১ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম আফগানিস্তানে থেকে যায়। ইমারাতে ইসলামিয়া দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এসব সরঞ্জামও তাদের নিয়ন্ত্রণে আসে।
সূত্র : আরিয়ানা নিউজ












