গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাত ৮টার মধ্যে রাজধানীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৪ মার্চ) রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে তিনি এ অনুরোধ জানান।
তাপস বলেন, দুটি অনুরোধ আমি নগরবাসীর প্রতি জানাতে চাই। একটি হলো, যেহেতু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, সেহেতু রাত ৮টার মধ্যে আপনারা সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাঠ অবশ্যই বন্ধ করে দেবেন। আমাদের এটা করা অত্যন্ত প্রয়োজন। আমরা চাই রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। এতে করে করোনার সংক্রমণ অনেকাংশেই কমে আসবে। এতে করে রাতে আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যবিধি পরিপালন কার্যক্রম পরিচালনা করতে পারবো।
তিনি বলেন, আমার দ্বিতীয় অনুরোধ, যে খাল-জলাশয়গুলো আমরা পরিষ্কার করছি আপনারা দয়া করে এসবে কোনও ধরনের বর্জ্য, ময়লা ফেলবেন না। যে পাম্প স্টেশনগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা সচল করেছি ইতোমধ্যে। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আশা করছি জলবদ্ধতা বিষয়ে ঢাকাবাসীকে আগের চেয়ে সুফল দিতে পারবো।











