বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেই আমেরিকা আলোচনার টেবিলে ফিরে আসে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই দাবি করেন, আমেরিকা ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর ওয়াশিংটন মনে করেছিল, ইরান মাত্র তিন দিনের মধ্যে ভেঙে পড়বে এবং আত্মসমর্পণ করবে।
তিনি বলেন, ‘এখন কয়েক মাস পরও আমেরিকা এই পরিস্থিতির মধ্যে আটকে আছে এবং তারা নিজেদের অপরাধ নিয়েই গর্ব করছে।’
বাঘাই আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম বেড়ে গেলেই আমেরিকা আলোচনার পথে ফিরে আসে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ চলাচলের চেষ্টা করায় ছয়টি জাহাজ থামিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ অংশের একটি রুট দিয়ে ‘অবৈধ ও অনিরাপদভাবে’ অতিক্রমের চেষ্টা করছিল।
সূত্রটির দাবি, জাহাজগুলোর এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল ওই এলাকায় অবস্থানরত মার্কিন বাহিনীকে ‘উসকানি’ দেওয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি জাহাজের মধ্যে একটিকে ঘিরে অনির্দিষ্ট একটি ঘটনা ঘটে। বাকি পাঁচটি জাহাজকে ইরানের নিয়ন্ত্রণাধীন পারস্য উপসাগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
তবে জাহাজগুলোর নাম, সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রু সদস্যদের পরিচয় কিংবা সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত জানানো হয়নি।
ইরানি সূত্রটি আরও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য নির্ধারিত নৌপথ স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে। এর বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে তা বিপজ্জনক ও চলাচলের অনুপযোগী হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আমেরিকার সামরিক বাহিনী।
সূত্র: আল জাজিরা










