ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থমন্ত্রী মাওলানা দ্বীন মুহাম্মদ হানিফ বাংলাদেশের আলেম, ব্যবসায়ী, শিল্পপতি ও বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান মাওলানা হানিফ। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় তিনি কৃষি, খনিজ, শিল্প, জ্বালানি, স্থানীয় উৎপাদন, ট্রানজিট ও বাণিজ্য খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।
মাওলানা হানিফ বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা আফগানিস্তানের অর্থনৈতিক নীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
তিনি আরও বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং মধ্যম ও দীর্ঘমেয়াদে আফগানিস্তানের রপ্তানি সম্প্রসারণে সহায়তা করতে পারে।
বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানানো হয়। নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে দুই দেশের ব্যবসায়ী, শিল্পপতি ও বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: আরিয়ানা নিউজ












