ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বাহিনী। তাদের অগ্রগতির মূল লক্ষ্য এখন লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল এবং কৌশলগত বাব আল-মান্দাব প্রণালী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনীর চার সামরিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, হুথি বাহিনী ঐতিহাসিক বন্দরনগরী মোখা ও ধুবাবের দিকে দক্ষিণে অগ্রসর হচ্ছে। সরকারি সামরিক সূত্রগুলো বলছে, এসব উপকূলীয় এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাছাকাছি পৌঁছে যাচ্ছে তারা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তায়িজ ও দক্ষিণ হুদাইদাহ অঞ্চলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, হুথিরা পশ্চিম তায়িজ হয়ে মোখা ও বাব আল-মান্দাবের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সৌদি সমর্থিত সরকারি বাহিনীও বিভিন্ন স্থানে পাল্টা অভিযান চালাচ্ছে।
মোখা ও ধুবাবের নিয়ন্ত্রণ হারালে সৌদি সমর্থিত বাহিনীর পশ্চিম উপকূলীয় অবস্থান বড় ধরনের চাপে পড়তে পারে। একই সঙ্গে বাব আল-মান্দাবের ওপর হুথিদের প্রভাব বাড়লে লোহিত সাগর হয়ে সুয়েজ খালের দিকে যাওয়া আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলেও নতুন ঝুঁকি তৈরি হবে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় আকারের সংঘর্ষ অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক লড়াইয়ে পরিস্থিতি আবার পূর্ণমাত্রার যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : রয়টার্স, আল জাজিরা












