তুরস্কের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক আরও সম্প্রসারণ এবং দেশটিতে থাকা আফগান অভিবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মাওলানা আবদুল গনি বারাদার ও আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সাদিন আইয়্যিলদিজ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে মাওলানা বারাদার আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগকারী তুরস্কের কোম্পানিগুলোর কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তুরস্কের অন্যান্য বিনিয়োগকারীদেরও আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
মাওলানা বারাদার বলেন, তুরস্কের বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে ইমারাতে ইসলামিয়া।
তুরস্কে থাকা আফগান অভিবাসীদের সমস্যার সমাধান এবং তাদের আরও বেশি সহায়তা ও সুযোগ-সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এদিকে, আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাওয়াকে স্বাগত জানান আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সাদিন আইয়্যিলদিজ।
তিনি বলেন, পরিবহন, ট্রানজিট, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে তুরস্ক প্রস্তুত রয়েছে।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার এবং বিশ্বের কাছে আফগানিস্তানের বাস্তব চিত্র তুলে ধরতে তুরস্ক সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, আফগান নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে তুরস্ক কিছু সুযোগ-সুবিধা চালু করেছে এবং এ ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করবে।
সূত্র: আরিয়ানা নিউজ












