জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।
নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই ডা. শফিকুর রহমানের আন্তরিক তৎপরতা ও শোকবার্তা পাঠানোর কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান ঘনশ্যাম ভান্ডারী।
বৈঠকে নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন নেপালের রাষ্ট্রদূত।
এর পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বাত্মকভাবে থাকার আশ্বাস দেন।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।












