spot_img
spot_imgspot_img

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশ নিতে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি কনফারেন্সে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কনফারেন্সে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ এলান উইন্ডের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে একটি সংসদীয় কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের সদস্যরা।

সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ