দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেছেন, ভালো ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে না পারলে উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী হবে না, রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন ভালো খাবার তৈরি করা যায় না, তেমনি ভালো মানুষ ও যোগ্য নেতৃত্ব ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে দেশের অন্যান্য খাতের মতো নেতৃত্বের ক্ষেত্রেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এমন একটি অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে যে রাজনীতিবিদদের সন্তানরাও এখন রাজনীতিতে আসতে আগ্রহী নয়। অথচ রাজনীতিতে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে যে স্বপ্নের কথা বলছি, তার কোনো স্থায়িত্ব থাকবে না।
তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন এক ধরনের উন্নয়ন। কিন্তু এখন দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সে জন্য ভালো ও সৎ মানুষকে নেতৃত্বে আসতে হবে।
আন্দালিব রহমান পার্থ বলেন, যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের রাজনীতিতে আসার পথ তৈরি করা। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ ও ইতিবাচক করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশ নিতে পারে।












