spot_img
spot_imgspot_img

আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কার স্থগিত করলো পাকিস্তানের আদালত

পাকিস্তানে অধ্যয়নরত আফগান মেডিকেল শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ স্থগিত করেছে লাহোর হাইকোর্ট। এর ফলে তারা আপাতত পাকিস্তানে থেকে পড়াশোনা চালিয়ে যেতে, পরীক্ষায় অংশ নিতে এবং নিজেদের হোস্টেলে ফিরতে পারবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) লাহোর হাইকোর্টের বিচারপতি খালিদ ইসহাক ১৩ জন আফগান মেডিকেল শিক্ষার্থীর করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আবেদনকারীরা লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল ইউনিভার্সিটি, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ এবং সার্ভিসেস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

এর আগে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল গত ১ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তানের মেডিকেল কলেজে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের আফগানিস্তানে ফিরে যেতে নির্দেশ দেয়। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদের নতুন করে ভর্তি বা প্লেসমেন্ট দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শিক্ষার্থীরা পিএমডিসির ৩১ জুলাই জারি করা একই ধরনের আরেকটি নির্দেশনাও আদালতে চ্যালেঞ্জ করেন। তারা উভয় নির্দেশকে অবৈধ, অসাংবিধানিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার আবেদন জানান।

শুনানিতে শিক্ষার্থীদের আইনজীবী আসাদ জামাল বলেন, শিক্ষার্থীদের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাদের শিক্ষা, জীবন ও মর্যাদার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, পিএমডিসি তার আইনি এখতিয়ারের সীমা অতিক্রম করেছে। তাই শিক্ষার্থীদের মৌলিক অধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

অন্যদিকে পিএমডিসির আইনজীবী হারিস আজমত বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বলে যুক্তি দেন। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেননি এবং পিএমডিসির ৩১ জুলাই ও ১ সেপ্টেম্বরের নির্দেশনার কার্যকারিতা স্থগিত করেন।

আদালত নির্দেশ দিয়েছেন, আফগান শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে, পরীক্ষায় অংশ নিতে এবং হোস্টেলে ফিরতে দিতে হবে।

একই সঙ্গে পিএমডিসি, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর উপাচার্যদের কাছে জবাব চাওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সরদার আহমদ শাকিব লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে পাকিস্তানে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের জন্য ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আফগান শিক্ষার্থীদের বহিষ্কার না করা এবং তাদের পরীক্ষার কাগজপত্র বাতিল না করার বিষয়ে লাহোর হাইকোর্টের নির্দেশ স্বাগত জানানোর মতো পদক্ষেপ।

তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ব্যাখ্যার কথাও উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, বৈধ ভিসাধারী আফগান শিক্ষার্থীরা পাকিস্তানে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ