আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
অন্যদিকে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধন ২০২৫ অনুযায়ী মূলত চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তারা হলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরিসূত্রে বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, জেলখানায় বা আইনি হেফাজতে আটক বন্দি এবং নিজ কেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত কোনো দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী ভোটারদের মধ্যে যারা এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করা হবে। এরপর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
দেশের অভ্যন্তরে কর্মরত যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের এসএমএসের মাধ্যমে উপনির্বাচনে অংশগ্রহণের সম্মতি নিশ্চিত করে হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
পাশাপাশি উপনির্বাচনের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।
এ ছাড়া জেলখানায় অন্তরীণ ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে উপনির্বাচনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।












