spot_img
spot_imgspot_img

ভারতে ব্রিকস সম্মেলনের ফাঁকে পেজেশকিয়ান ও আবুধাবির ক্রাউন প্রিন্সের বৈঠক

ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পার্শ্ববর্তী সময়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সময় আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেন পেজেশকিয়ান।

ইরান তার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে জুনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দুই দেশকে অভিন্ন স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অভিন্ন দায়িত্ব থাকা প্রতিবেশী দেশ হিসেবে বর্ণনা করেন।

আরাঘচি স্বীকার করেন, আমিরাতে ইসরাইলি শাসকগোষ্ঠীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং সাম্প্রতিক আমেরিকা-ইসরাইলের আগ্রাসী যুদ্ধের সময় তাদের কর্মকাণ্ড তেহরান ও আবুধাবির সম্পর্ককে জটিল করে তুলেছে এবং পারস্পরিক আস্থা দুর্বল করেছে।

তবে তিনি পারস্পরিক সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন ও সম্প্রসারণে ইরানের প্রস্তুতির কথা জোর দিয়ে উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পারস্য উপসাগরে দীর্ঘস্থায়ী নিরাপত্তা কেবল আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। বাইরের শক্তি বা বিদেশি সামরিক বাহিনীর ওপর নির্ভর করে এ নিরাপত্তা অর্জন করা সম্ভব নয়।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ