ইন্দোনেশিয়ার জাভা সাগরে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ১২৯ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১০৮ জনকে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন যাওয়ার পথে ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরিটিতে মোট ২৪৩ জন ছিলেন। তাদের মধ্যে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু সদস্য। একই সঙ্গে ফেরিটিতে ৮৯টি যানবাহনও বহন করা হচ্ছিল।
দুর্ঘটনার আগে ফেরিটির ক্যাপ্টেন জরুরি বার্তায় জানিয়েছিলেন, সাগর উত্তাল ছিল এবং ঢেউয়ের উচ্চতা প্রায় তিন মিটার পর্যন্ত পৌঁছেছিল। একপর্যায়ে ফেরিটি একদিকে কাত হয়ে পড়ে। পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটি জাভা সাগরের মাসালেম্বো এলাকার কাছে উল্টে যায়। পরে আকাশ থেকে ধারণ করা দৃশ্যে ফেরিটিকে পানিতে উল্টে থাকা অবস্থায় দেখা যায়।
দুর্ঘটনার পর বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এতে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিভিন্ন উদ্ধার সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। জাহাজ ও আকাশযান ব্যবহার করে নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে।
তবে প্রবল বাতাস ও উত্তাল ঢেউ উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কেউ কেউ ফেরিটির ভেতরে আটকা পড়তে পারেন অথবা স্রোতে দূরে ভেসে যেতে পারেন।
জীবিত উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানিয়েছেন, ফেরিটি হঠাৎ কাত হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ওপরের ডেকে যাওয়ার চেষ্টা করেন।
এক যাত্রী জানান, ফেরি উল্টে যাওয়ার পর তিনি আরও কয়েকজনের সঙ্গে পানির ওপরে থাকা একটি অংশ আঁকড়ে ধরে ছিলেন। পরে একটি লাইফবোটের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি। আবহাওয়া, ফেরিটির ভারসাম্য ও কারিগরি ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হাজারো দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতে ফেরি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনার ঘটনা ঘটে।
সূত্র : আল জাজিরা












