ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এ খাতের গ্রাহকরাও তাদের কষ্টের টাকা ফেরত পাচ্ছেন না। তবে গ্রাহকদের টাকা ফেরত দিতে বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের ৫৭ শতাংশ বীমা দাবি এখনো অপরিশোধিত রয়েছে। দাবি পরিশোধ না করে বীমা কোম্পানিগুলো নিজেদের সম্পদ বাড়িয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পরিশোধের জন্য কোম্পানিগুলোকে সময় বেঁধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ করতে না পারলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা পরিশোধ করা হবে। এ কার্যক্রম অব্যাহত রাখা গেলে গ্রাহকদের আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এখন থেকে ঝুঁকিভিত্তিক তদারকি করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সব কোম্পানিকে অটোমেশনের আওতায় আসতে হবে। সব লেনদেন অনলাইনে হবে। এ জন্য সব বীমা প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ন্ত্রক সংস্থার জনবল বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।












