spot_img
spot_imgspot_img

বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

অবকাঠামো, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ-চীন-মিয়ানমার প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর মধ্যে বাংলাদেশ-চীন-মিয়ানমার প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরের উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়।

তারা রংপুরে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা করেন।

শামা ওবায়েদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বেইজিংয়ের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ইয়াও বাংলাদেশকে বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

শামা ওবায়েদ আমন্ত্রণটি স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ