ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করেছে আমেরিকা। দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিরা অধিকাংশ জাহাজ চলাচলে বাধা দিচ্ছে না, তবে একটি নির্দিষ্ট দেশের জাহাজ নিয়ে তাদের আপত্তি রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের ভান্স বলেন, ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ওয়াশিংটন হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গেও যোগাযোগ রাখছে আমেরিকা। হুথিদের মাইয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন বলেও জানান তিনি।
ভান্স বলেন, ইয়েমেনের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমেরিকা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে সেখানকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, কোনো আমেরিকান কর্মকর্তা এই প্রথম প্রকাশ্যে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করলেন।
এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুথিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইয়েমেনের সংঘাতে আমেরিকাকে সরাসরি না জড়ানোর অনুরোধ জানিয়েছে। ট্রাম্প বলেন, হুথিরা অধিকাংশ জাহাজ চলাচল করতে দিচ্ছে। তবে একটি দেশের সঙ্গে তাদের সমস্যা রয়েছে। দেশটির নাম উল্লেখ না করে তিনি বলেন, বিষয়টিরও সমাধান করা হবে।
ট্রাম্প ওই দেশের নাম না বললেও হুথিরা গত জুলাইয়ে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। হুথি কর্মকর্তা আবদুল কাদের আল-মুরতাদা সম্প্রতি বলেছেন, বাব আল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের প্রয়োজন নেই, কারণ সৌদি জাহাজের ওপর অবরোধ ইতোমধ্যেই কার্যকর রয়েছে। আল জাজিরা জানিয়েছে, জুলাই থেকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজগুলো হুথিদের হামলার কারণে বাব আল-মান্দেব এড়িয়ে চলছে।
সূত্র : আল জাজিরা ও রয়টার্স











