spot_img
spot_img

মক্কায় হুথি ড্রোন ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ইরান সমর্থিত হুথি বাহিনীর একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি রাজকীয় বিমান প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় মক্কা নগরীর দক্ষিণে ড্রোনটি প্রতিহত ও ধ্বংস করা হয় বলে জানিয়েছে জোটটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি রাজকীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৌদি রাজকীয় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন শনাক্ত করে। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই নগরীর দক্ষিণে প্রতিহত ও ধ্বংস করা হয়।

আল-মালিকি বলেন, ড্রোনটি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনী উৎক্ষেপণ করেছিল এবং এর লক্ষ্য ছিল মক্কা।

তুর্কি আল-মালিকি বলেন, হুথিদের পক্ষ থেকে মক্কাকে লক্ষ্য করে হামলার এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কাকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সৌদি রাজকীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে আগত হাজি ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’। হুথিদের এ ধরনের হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জোট দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর সৌদি দাবি প্রত্যাখ্যান করেছে হুথি বাহিনী। হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ দাবি করেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ সত্য নয়।

এর আগে মঙ্গলবার মক্কা, তায়েফ, জেদ্দা, আবহা, জাজান, খামিস মুশাইত ও আল-উলায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

এর একদিন আগে সোমবার খামিস মুশাইত, আবহা ও তায়েফে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি বাহিনী। সৌদি জোটের দাবি, এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথি বাহিনীর মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পাশাপাশি সৌদি ভূখণ্ডেও হুথিদের হামলা বেড়েছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ