spot_img
spot_img

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমীর

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো মুসলমানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারী হুথি হোক কিংবা অন্য যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুথি বাহিনীর একটি ড্রোন উৎক্ষেপণের অভিযোগ করে সৌদি আরব।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে ড্রোনটি প্রতিহত ও ধ্বংস করা হয়। এটি নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।

তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি বাহিনী। তাদের দাবি, মক্কা কিংবা অন্য কোনো ইসলামী পবিত্র স্থানের প্রতি ইয়েমেন থেকে কোনো হুমকি সৃষ্টি করা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ