পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগের নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, ইসলাম মানুষের জীবন রক্ষা, রক্তপাত বন্ধ এবং সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। পবিত্র স্থানগুলোতে হামলার চেষ্টা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
শায়খ সুদাইস বলেন, মুসলমানদের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। মহান আল্লাহ এসব স্থানের পবিত্রতা ও সম্মান রক্ষার নির্দেশ দিয়েছেন। ইসলামী শরীয়ত অন্যায় আক্রমণ কঠোরভাবে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের ওপর আঘাত হানা এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে নিষেধ করেছে।
এ প্রসঙ্গে পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’
অন্য একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি করো না।’
মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক মুসলমানের জীবন, সম্পদ ও সম্মান অপর মুসলমানের জন্য পবিত্র।
শায়খ সুদাইস বলেন, পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলা ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। এটি আন্তর্জাতিক রীতিনীতি ও চুক্তিরও সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড হামলাকারীদের দাবি ও স্লোগানের সঙ্গে তাদের আচরণের অসংগতি প্রকাশ করে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা প্রয়োজন। সৌদি আরবের নেতৃত্বের প্রতি সংহতি প্রকাশ এবং দেশটির নিরাপত্তা, পবিত্র স্থানগুলো ও জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে গুজব ছড়ানো, বিভেদ সৃষ্টি এবং মানুষের মধ্যে অবিশ্বাস তৈরির প্রচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানান শায়খ সুদাইস। যেকোনো সংবাদ গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্রের ওপর গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন তিনি।
বিবৃতির শেষাংশে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা এবং পবিত্র মক্কা-মদিনার সুরক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি। পাশাপাশি পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ও সেবাকর্মীদের হেফাজত এবং সমগ্র মুসলিম বিশ্বকে অশান্তি ও বিপর্যয় থেকে রক্ষার প্রার্থনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। এটি হুথি বাহিনীর পাঠানো ড্রোন বলে দাবি করেন তিনি।
তবে হুথি বাহিনী মক্কা কিংবা অন্য কোনো ইসলামী পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : আল ওয়াতান নিউজ ও আল জাজিরা











