সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টিং করা সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। সেজন্য অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়। বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো সঠিক ব্যবস্থা এখনো গড়ে তোলা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, তিনি সম্প্রতি এই দায়িত্ব গ্রহণ করেছেন। কতখানি দায়িত্ব পালন করতে পারবেন, তা জানেন না। তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে সাংবাদিকরা তাকে পাশে পাবেন এবং সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ হওয়ায় সাংবাদিকদের সমস্যাগুলো তিনি সহজেই উপলব্ধি করেন বলেও উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর-সংস্থার প্রতিটিই তার কাছে অত্যন্ত আপন এবং সবগুলোর প্রতিই তার দায়িত্ব রয়েছে। বিগত ১৭ বছরে একটি ব্যবস্থা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে সবকিছুকে পুনরায় সঠিক ধারায় ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে দাঁড় করানো অনেক বেশি কঠিন কাজ।
সাংবাদিকদের যেকোনো যুক্তিসঙ্গত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, যখনই প্রয়োজন মনে করবেন, তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সবাই মিলে সমস্যার সমাধান করবেন এবং সরকার সাংবাদিকদের পাশে আছে।











