spot_img
spot_img

ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক ডাকলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু জানায়, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সরাসরি অবগত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যুদ্ধের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার পরিকল্পনা তুলে ধরা হতে পারে। ট্রাম্প প্রশাসন এ বিষয়ে একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিকল্পনাটি আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর চূড়ান্ত হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতারা অথবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। অন্য আরব ও মুসলিম দেশগুলোর নেতাদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে।

অ্যাক্সিওস জানিয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) আমেরিকার পররাষ্ট্র দপ্তর বৈঠকের প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে। একই সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। তবে এখন পর্যন্ত তাঁদের কোনো বৈঠক নির্ধারিত হয়নি।

এদিকে বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাম্প দাবি করেছেন, ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি চুক্তি করতে চায়। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে তিনি আশা করছেন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কোন পর্যায়ে রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন যুদ্ধ শেষ পর্যায়ের দিকে রয়েছে। নর্থ ক্যারোলিনায় সাংবাদিকদের তিনি আরও বলেন, ইরান একটি চুক্তি করতে চায় এবং এখন সেটি কীভাবে এগোয়, তা দেখার বিষয়।

ইরান সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে, নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে করেছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

হরমুজ প্রণালি নিয়ে আমেরিকা ও ইরানের উত্তেজনার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করলেন। এদিকে যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা তৈরির খবর এর আগেও প্রকাশিত হয়েছে। অ্যাক্সিওসের ৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যের জন্য একটি কৌশল প্রণয়নে ট্রাম্প প্রশাসন কাজ করছে।

সূত্র : আনাদোলু, অ্যাক্সিওস, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ