spot_img
spot_img

ইসরাইলি অবৈধ বসতির সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞার দাবি অস্ট্রেলিয়ার লেবার পার্টির

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপে ব্রিটেন, কানাডা ও ফ্রান্সসহ অন্যান্য দেশের সঙ্গে যোগ না দেওয়ায় অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের সমালোচনা করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির কয়েকজন সদস্য। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

লেবার পার্টির সদস্যদের নিয়ে গঠিত ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে একটি চিঠি দিয়েছে। এতে অস্ট্রেলিয়ার মিত্র ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইসরাইলের অবৈধ বসতিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

গোষ্ঠীটির সদস্যরা বলেছেন, সরকারের ‘নিষ্ক্রিয়তা’ থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত ও সুচিন্তিত নীতি গ্রহণ করা উচিত। এর মধ্যে নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক বাণিজ্য নিষেধাজ্ঞাও থাকতে হবে। তবে এসব পদক্ষেপের কারণে ফিলিস্তিনি শ্রমিকদের জীবন ও স্বার্থের ওপর যেন কোনো অনিচ্ছাকৃত নেতিবাচক প্রভাব না পড়ে, সেটিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

ব্রিটেন, কানাডা ও ফ্রান্সসহ ১২টি দেশ দখলদার ইসরাইলের অবৈধ বসতিগুলোর সঙ্গে পণ্য বাণিজ্যে জাতীয় অথবা ইউরোপীয় পর্যায়ে বিধিনিষেধ আরোপ বা এ ধরনের ব্যবস্থা সক্রিয়ভাবে বিবেচনার ঘোষণা দেওয়ার পর অস্ট্রেলিয়ার লেবার সদস্যদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

এদিকে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ ইসরাইলি বসতি থেকে আসা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন। একই সঙ্গে অবৈধ বসতি স্থাপন কার্যক্রমে সহায়তা, সুবিধা প্রদান বা তা থেকে লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

গোষ্ঠীটির সদস্যরা বলেন, অস্ট্রেলিয়া এসব পদক্ষেপে যোগ দিলে তা লেবার পার্টির সর্বশেষ জাতীয় সম্মেলনে অনুমোদিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ওই নীতিতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধিতা এবং অবৈধ বসতি স্থাপন ও দখলদারিত্বের অবসানের আহ্বান জানানো হয়েছে।

তারা আরও বলেন, অস্ট্রেলিয়া এর আগেও কানাডা, ফ্রান্স, নরওয়ে ও ব্রিটেনের সঙ্গে সমন্বয় করে উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারী এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, তার সরকার বর্তমানে অবৈধ ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর সার্বিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পথে যাচ্ছে না। এ ধরনের নিষেধাজ্ঞার অনিচ্ছাকৃত প্রভাব নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেছেন, অবৈধ বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আরও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : সাফা নিউজ এজন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ