জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ মোড় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
তিনি বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। এ জন্য ইতিহাসচর্চা ও পাঠ্যবইয়ে যথাযথ আলোচনা নিশ্চিত করা জরুরি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়; এটি দেশের, জাতির এবং জাতীয় পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশির প্রথম পরিচয় তিনি বাংলাদেশের নাগরিক। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ভালোবাসা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে। অতিরিক্ত সুরক্ষার নামে শিশুদের খেলাধুলা, বাইরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ সীমিত করা উচিত নয়। সুস্থ বিকাশের জন্য খেলাধুলা, প্রকৃতির সংস্পর্শ এবং সামাজিক পরিবেশে মেলামেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নিজস্ব চিন্তার বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।











