spot_img
spot_img

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার পর তাঁকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বিপরীতে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুলসহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়েন। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন বলেন, গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মনিরুল বিএসএফের গুলিতে আহত হয়েছেন এবং তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের বরাতে তিনি জানতে পেরেছেন, মনিরুল বর্তমানে ভারতের অভ্যন্তরে চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মনিরুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিএসএফ তাঁকে ধরে নিয়ে গেছে। তবে তিনি জীবিত আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার সন্ধ্যার পর সীমান্তের কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, বিএসএফ আহত অবস্থায় মনিরুলকে আটক করে নিয়ে গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারেননি।

এদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ধ্যা ৭টার দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৬৩/১-এস-এর কাছে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা ফায়ার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ