spot_img
spot_img

অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার ভিত্তি: মোল্লা বারাদার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার সারা দেশে শিল্প ও উৎপাদন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার ভিত্তি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে কুতাইবা ইবনে সাঈদ আল-বাগলানি শিল্পনগরীর নির্মাণকাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

মোল্লা বারাদার বলেন, এই প্রকল্প দেশের অভ্যন্তরীণ উৎপাদন শক্তিশালী করতে এবং আমদানি ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু করেছে। এর লক্ষ্য হলো দেশে কাঁচামাল প্রক্রিয়াজাত করা, উৎপাদন বাড়ানো এবং প্রস্তুত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, এটি ধীরে ধীরে আফগানিস্তানকে ভোগকারী দেশ থেকে উৎপাদনকারী দেশে রূপান্তর করবে।

আফগান উপপ্রধানমন্ত্রী বলেন, বেকারত্ব ও দারিদ্র্য কমাতে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বেশি কাজে লাগানো উচিত। দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার ও আফগান জনগণকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকার ধীরে ধীরে ও সুশৃঙ্খলভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। এর মধ্যে মূল্যস্থিতি বজায় রাখা এবং জনগণের ক্রয়ক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে আর্থিক ও মুদ্রানীতিও রয়েছে।

তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব প্রতিষ্ঠানে আফগানিস্তানের নিষ্ক্রিয় অংশগ্রহণের অবসান ঘটাতে হবে এবং দেশটিকে সক্রিয় অংশগ্রহণে ফিরে আসার সুযোগ করে দিতে হবে।

মোল্লা বারাদারের মতে, আরও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আফগানিস্তান তার অর্থনৈতিক অগ্রাধিকার ও সম্ভাবনাগুলো তুলে ধরতে পারবে। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, কারিগরি সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা সম্ভব হবে।

শিল্পনগরীটি ১ হাজার ৬৭৯ জেরিব জমির ওপর নির্মাণ করা হবে। এখানে শিল্প কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে এবং হাজার হাজার আফগানের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ