spot_img
spot_img

ব্রিক্স শেষ হলেও তারেক রহমানের ভারত সফর নিয়ে আগ্রহী দিল্লি

ব্রিক্স সম্মেলন শেষ হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আগ্রহী নয়াদিল্লি। তাঁর দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ বহাল রেখেছে ভারত। পাশাপাশি সফর আয়োজন নিয়ে দুই দেশের কর্মকর্তাদের আলোচনা আবার শুরু হয়েছে। আগামী নভেম্বরে সফরটি আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের বৈঠক অব্যাহত রয়েছে। সম্ভাব্য সফরের আলোচ্যসূচিও তৈরি করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ দেওয়া হয়েছিল। একটি দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে। দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য আলোচ্যসূচিতে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা ও গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নসহ বিভিন্ন বিষয় স্থান পেতে পারে।

সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের একাধিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন।

ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে বাংলাদেশ কোনো প্রতিনিধি পাঠায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে উপযুক্ত সময়ে দ্বিপক্ষীয় সফরকে অগ্রাধিকার দেবে ঢাকা।

গত আগস্টে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। তাঁকে ফেরত পাঠানোর বাংলাদেশের অনুরোধও অমীমাংসিত রয়েছে।

নভেম্বরে সফর আয়োজনের আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত তারিখ জানা যায়নি।

সূত্র : দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ