পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলকে দ্বীনি ও দাওয়াতি কাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল থিইজম ইউনিভার্সিটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ইসলাম টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের লাহোরের ফ্ল্যাটিজ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ড. ইহাব আল শামী মাওলানা তারিক জামিলের হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন।
ইসলামের দাওয়াত ও ধর্মীয় দিকনির্দেশনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মাওলানা তারিক জামিলের দ্বীনি, দাওয়াতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র : ইসলাম টাইমস











