বিএনপি সরকার বিরোধীদের দমন করতে পুলিশকে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
তিনি বলেন, বিএনপি সরকার বিরোধীদের দমন করতে পুলিশকে ব্যবহারের চেষ্টা করছে, আবারও কেউ স্বৈরাচারী হওয়ার চেষ্টা করলে রংপুরের মাটি থেকেই বিদ্রোহ শুরু হবে।
শনিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা টু রংপুর লংমার্চ শেষে সমাপনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আপনি পুলিশ সংস্কার কমিশন করেন নাই, আপনি গুম আইন করে করে গুমের সুযোগ করে দিয়েছেন, আপনারা এসআরবি করেছেন, আপনারা পুলিশকে আবারও ব্যবহার করার চেষ্টা করছেন বিরোধী দল দমনের জন্য, এই চেষ্টা ব্যর্থ হবে, কারণ বাংলাদেশের ছাত্র জনতা আর কাউকে এই স্বৈরাচারী হইতে দেবে না, যদি কেউ স্বৈরাচারী হওয়ার চেষ্টা করে, যা এই সরকার করছে, রংপুরের মাটি থেকেই প্রথম বিদ্রোহ, প্রথম বিপ্লবের আহ্বান আসবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা রংপুরবাসীর কাছে কৃতজ্ঞ, জোটের পক্ষে এই ১১ দলীয় জোটকে সরকার গঠন করার জন্য আপনারা ব্যাপকভাবে ভোট দিয়েছিলেন, ফলে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এবং একই সঙ্গে আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে, কারণ এই রংপুরবাসীকে এখন শুনতে হচ্ছে যে বিরোধী দলে ভোট দেওয়ার কারণে রংপুরবাসী কোনো উন্নয়নের বরাদ্দ পাবে না, রংপুরবাসীর সঙ্গে চলমান এই দীর্ঘকাল ধরে চলমান বৈষম্য এই সরকারও বহাল রাখছে, ফলে আমাদের ৮ দফার একটি দফা বিশেষভাবে এই রংপুরবাসীর জন্য আমরা দিয়েছি, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এটা শুধু কথার কথা নয়, এটা শুধু দাবিই দাবি নয়, আমরা সত্যিকারের অর্থে বাস্তবায়ন দেখতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, এই সরকারের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ এর কথা বলেছে তারা, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে, নাহলে তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন দিল্লির সঙ্গে তারা নেগোশিয়েট করতে পারছে না, কেন ভূ রাজনীতিতে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ আদায় করতে পারছে না, এটা থেকেই আমরা বুঝতে পারি যে, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ নয়, কেবল নিজের দলীয় স্বার্থ আদায়ের জন্য সরকার এগিয়েছে।
তিনি বলেন, আপনারা গণভোটে ভোট দিয়েছেন, গণভোটের রায় কি বাস্তবায়ন হয়েছে, বিচার কি নিশ্চিত হয়েছে, আমরা ওসমান হাদির বিচার পাইনি, কিছুদিন আগে এক বিচারের রায় এসেছে, কিন্তু রায় তাদের বা মৃত্যুদণ্ড তাদের জন্যই আসে যারা দেশে নাই, যারা দেশে অবস্থান তাদের মৃত্যুদণ্ডের রায় কেন আসে না, আমরা তাদের মৃত্যুদণ্ডের রায় দেখতে চাই, রায় কার্যকর দেখতে চাই।
তিনি আরও বলেন, আমরা দেখছি সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, এই রংপুর অঞ্চলের মানুষ বেশির ভাগ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হয়, আজকে তারা সার পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, আমরা দেখছি সারাদেশে নজিরবিহীন দলীয়করণ হয়েছে, সকল প্রতিষ্ঠানে দলীয়করণ করছে, আমরা দেখছি চাঁদাবাজ, দখলদারিত্বসহ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশের সকল ক্যাম্পাস, সকল এলাকা।
নাহিদ ইসলাম বলেন, আমরা এই ৮ দফা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি, যে ৮ দফা বাংলাদেশকে মুক্তি দিতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনারা সঙ্গে থাকেন, আমরা ঐক্যবদ্ধ থাকি, যেভাবে ২৪ সালে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ থাকলে আমরা ৮ দফা আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।











