spot_img
spot_img

ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়তে আমাকে পাঠাও: আমেরিকার যুদ্ধমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। টেক্সাস অঙ্গরাজ্যে সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বাইবেলের ধর্মীয় উদ্ধৃতি ব্যবহার করে তিনি আমেরিকার অতীত যুদ্ধগুলোর প্রসঙ্গ টানেন। এ সময় তিনি কমিউনিস্ট ও ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। তাঁর বক্তব্যে ধর্মীয় গ্রন্থের ব্যবহার এবং যুদ্ধের আহ্বান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) আল-জাজিরা আরবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টেক্সাসে সেনাদের সঙ্গে একটি সামরিক মহড়ার পর ‘আমাকে পাঠাও’ নামের একটি সফর কর্মসূচিতে বক্তব্য দেন হেগসেথ। বক্তব্যের শুরুতে তিনি বাইবেলের পুরোনো নিয়মের ‘বুক অব আইজাইয়া’ থেকে একটি ঘটনার উল্লেখ করেন।

ধর্মীয় গ্রন্থটির বর্ণনা অনুযায়ী, সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন, ‘আমি কাকে পাঠাব?’ জবাবে আইজাইয়া বলেছিলেন, ‘আমি এখানে আছি, আমাকে পাঠাও।’

এই ধর্মীয় উদ্ধৃতিকে সামরিক দায়িত্বের সঙ্গে যুক্ত করে হেগসেথ বলেন, আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে নারী ও পুরুষেরা দেশের সেবায় হাত তুলে নিজেদের পাঠানোর আহ্বান জানিয়েছেন।

আমেরিকার স্বাধীনতাযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘লাল পোশাকধারীদের বিরুদ্ধে লড়তে আমাকে পাঠাও।’

এরপর তিনি বলেন, ‘কমিউনিস্টদের বিরুদ্ধে লড়তে আমাকে পাঠাও, ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়তে আমাকে পাঠাও।’

বর্তমান সেনাদের উদ্দেশে হেগসেথ বলেন, আমেরিকার সামনে যেকোনো হুমকি দেখা দিলে তা মোকাবিলায় তাঁদের প্রস্তুত থাকতে হবে। আমেরিকান প্রজাতন্ত্র টিকিয়ে রাখতে টেক্সাসের সেনাদের সম্মুখসারিতে থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আমেরিকানদের নিজেদের চেয়েও বৃহত্তর কোনো উদ্দেশ্যের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

হেগসেথের দাবি, তাঁর এই আহ্বান কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট মতাদর্শ কিংবা দৃষ্টিভঙ্গির বিষয় নয়। বরং আমেরিকার স্বাধীনতার ঘোষণা, সংবিধান এবং সেগুলোর প্রতিনিধিত্বকারী নীতিমালা রক্ষার বিষয়। সেনারা এসব নীতি ও দেশকে রক্ষার শপথ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

যুদ্ধের বক্তব্যে বাইবেলের ব্যবহার নিয়ে সমালোচনা

আল জাজিরা জানিয়েছে, হেগসেথের বক্তব্য প্রকাশের পর আমেরিকান অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সমালোচনা শুরু হয়। বিশেষ করে যুদ্ধ ও সামরিক অভিযানের প্রসঙ্গে বাইবেলের উদ্ধৃতি ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

অধিকারকর্মী জ্যারেড শোল্ট যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য বাইবেল ব্যবহারের সমালোচনা করে একে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে কয়েকজন ব্যবহারকারী হেগসেথের ‘আমাকে পাঠাও’ বক্তব্য নিয়ে ব্যঙ্গ করেন। যুদ্ধক্ষেত্রে সেনাদের পাঠানো এবং তাঁদের মৃত্যুর ঝুঁকির প্রসঙ্গ তুলে একজন লেখেন, ‘আমাকে হেগে পাঠাও।’ এখানে তিনি আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর অবস্থানস্থল নেদারল্যান্ডসের হেগ শহরের কথা উল্লেখ করেন।

কয়েকজন সমালোচক অভিযোগ করেন, হেগসেথ ধর্মীয় শব্দ ব্যবহার করে একধরনের ‘পবিত্র যুদ্ধের’ আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ তাঁর বক্তব্যকে খ্রিষ্টীয় ধর্মবিশ্বাসে বর্ণিত পৃথিবীর শেষ সময় ও যিশুখ্রিষ্টের দ্বিতীয় আগমনের ধারণার সঙ্গেও যুক্ত করেন।

তবে এসব সমালোচকদের ব্যাখ্যা। হেগসেথ তাঁর বক্তব্যে নতুন কোনো ধর্মযুদ্ধ ঘোষণার কথা বলেননি।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ