নির্বাচিত সরকারকে আট মাসের মধ্যে লন্ডন যাওয়ার জন্য বোর্ডিং পাস ও ভিসা দেখানোর কথা বলা হচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামীকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ জনসভার আয়োজন করে।
বক্তব্যে পাপিয়া বলেন, নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তান পাঠানো হবে। বোর্ডিং পাস ঠিক কর।
তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে দেশের বিরোধিতা করেছে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান। প্রজন্ম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যাব ভারত আর লন্ডন। এটা কখনোই হতে পারে না। কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে পাপিয়া বলেন, খাসির মাংস খাবেন বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেন। জামায়াতে ইসলামীর মধ্যে ইসলামের কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করবেন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে… শফিক সাহেবের সভায় আর আসবেন না।”
এ সময় তিনি আরও বলেন, বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করে।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ উপস্থিত ছিলেন।











