spot_img
spot_img

সিঙ্গাপুরে ১৫ মিনিট বই পড়লেই মিলছে অর্থমূল্যের কয়েন

নাগরিকদের বই পড়ায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। দেশটিতে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়লে পাওয়া যাচ্ছে অর্থমূল্যের ভার্চুয়াল কয়েন। এসব কয়েন জমিয়ে নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাকাটা করতে পারবেন অংশগ্রহণকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ড (এনএলবি) পাঁচ বছর মেয়াদি ‘রিডএসজি’ কর্মসূচি চালু করে। এর লক্ষ্য নাগরিকদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং দীর্ঘ সময় মনোযোগ দিয়ে পড়ার সংস্কৃতি ফিরিয়ে আনা।

কর্মসূচির আওতায় সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্রাউডটাস্ক এসজি’-তে প্রতিদিনের বই পড়ার তথ্য নথিভুক্ত করতে পারবেন অংশগ্রহণকারীরা। অন্তত ১৫ মিনিট বই পড়ার একটি সেশনের জন্য পাওয়া যাবে ২০টি ভার্চুয়াল কয়েন।

এক হাজার কয়েনের আর্থিক মূল্য এক সিঙ্গাপুরি ডলার। অর্থাৎ ৫০ দিন অন্তত ১৫ মিনিট করে বই পড়ে তা নথিভুক্ত করলে এক ডলারের সমমূল্যের কয়েন অর্জন করা সম্ভব। তবে প্রতিদিন সর্বোচ্চ একটি পাঠসেশন হিসাব করা হবে।

অর্জিত কয়েন সরাসরি নগদ অর্থ হিসেবে উত্তোলন করা যাবে না। নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাকাটার সময় এগুলো ব্যবহার করা যাবে।

গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া কর্মসূচিটির পরীক্ষামূলক কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে ব্যক্তিগত পাঠলক্ষ্য নির্ধারণ, ধারাবাহিকভাবে বই পড়ার হিসাব রাখা এবং বিভিন্ন পুরস্কার অর্জনের সুযোগ রয়েছে।

ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান নির্বাহী মেলিসা ট্যাম বলেন, বর্তমানে মানুষের সামনে তথ্য ও বিনোদনের বিপুল সম্ভার থাকলেও দীর্ঘ সময় মনোযোগ দিয়ে পড়ার প্রবণতা কমে যাচ্ছে। অথচ নিয়মিত দীর্ঘ পাঠ মনোযোগ, বিশ্লেষণী চিন্তা, কল্পনাশক্তি ও সহমর্মিতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ছোট ছোট নিয়মিত প্রচেষ্টার মাধ্যমেই দীর্ঘস্থায়ী অভ্যাস গড়ে ওঠে। এ কারণেই প্রতিদিন মাত্র ১৫ মিনিট বই পড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাসে যাতায়াতের সময়, দুপুরের বিরতিতে কিংবা ঘুমানোর আগে সহজেই এই সময় বের করা সম্ভব।

এদিকে, পাঠাভ্যাসের পাশাপাশি সমাজকল্যাণেও ভূমিকা রাখবে উদ্যোগটি। ‘রিড ফর গুড’ কর্মসূচির আওতায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত অংশগ্রহণকারীদের বই পড়ার সময় হিসাব করা হবে।

সম্মিলিতভাবে ৭৫ লাখ মিনিট বই পড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ দেড় লাখ সিঙ্গাপুরি ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষকে উপকৃত করার আশা করছে ন্যাশনাল লাইব্রেরি বোর্ড।

সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য পাঠ ও শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হবে। এর মাধ্যমে বই ও শিক্ষা উপকরণ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা করা হবে।

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম গত ৬ সেপ্টেম্বর কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশটির ন্যাশনাল লাইব্রেরি বোর্ড আগামী পাঁচ বছরে বই পড়াকে নাগরিকদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অভ্যাসে পরিণত করতে চায়।

সূত্র : দ্য গার্ডিয়ান ও  দ্য স্ট্রেইটস টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ