সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ভবিষ্যতে ওই পরিবহনকে রুট পারমিট দেওয়া হবে কিনা, সে বিষয়েও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন মালিকদের দাবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবারই প্রকাশ করা হবে এবং প্রজ্ঞাপন জারির পরই তা কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লা ও মহানগর, উভয় ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, বিশ্ববাজারের পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রচলিত হিসাব অনুযায়ী জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়াও সমন্বয় করা হয়। এ ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম এক টাকা বাড়লে প্রতি কিলোমিটারে বাসভাড়া প্রায় এক পয়সা বাড়ানোর একটি দীর্ঘদিনের প্রক্রিয়া রয়েছে।
মন্ত্রী বলেন, এর আগে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পর পরিবহন মালিকদের পক্ষ থেকে ১৫ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। তবে সরকার তখন তা পুরোপুরি বাস্তবায়ন না করে ১১ পয়সা ভাড়া বাড়িয়েছিল। গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
এবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় প্রচলিত হিসাব অনুযায়ী ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন পরিবহন মালিকেরা। এর সঙ্গে যানবাহনের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের ব্যয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি ছিল তাদের।
তবে সরকার সেই দাবি পুরোপুরি গ্রহণ না করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, পরিবহন খাতের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে। ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবেও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রীর দাম বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকার জনস্বার্থের সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণের চেষ্টা করেছে।
তিনি বলেন, ভাড়া আরও কমানো সম্ভব হলে সরকারও সেটি চাইত। তবে পরিবহন খাতের ব্যয় বৃদ্ধির বাস্তবতাও বিবেচনায় নিতে হয়েছে।
নতুন ভাড়া কার্যকর হওয়ার আগেই বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
তার ভাষ্য, আগেরবার প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানোর পর নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা ব্যাপক আকার নেয়নি। এবারও ১৭ পয়সা বাড়ানোর পর এর ব্যত্যয় হতে দেওয়া হবে না।
মন্ত্রী স্বীকার করেন, দেশের পরিবহন খাতে সব সময় নিয়ম-নীতির শতভাগ অনুসরণ হয় না। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রবণতা রয়েছে। তবে নতুন নির্ধারিত ভাড়ার বাইরে টাকা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। পাশাপাশি জরিমানা করা হবে। ভবিষ্যতে ওই পরিবহনকে রুট পারমিট দেওয়া হবে কিনা, সে বিষয়েও জবাবদিহি করতে হবে।











