জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের তুর্কি হাউসে সিরিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠিত এ বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ অংশ নেন। বিবৃতিটি তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যালেও প্রকাশ করা হয়।
মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে দামেস্ক ও রিয়াদের সঙ্গে সমন্বয় জোরদারে আঙ্কারার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গৃহযুদ্ধের সময় দীর্ঘদিনের টানাপোড়েনের পর তুরস্ক সিরিয়া সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে আসছে। একইভাবে সৌদি আরবও দামেস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের দিকে এগিয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সমবেত হওয়ার সময় এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফলে জাতিসংঘের আনুষ্ঠানিক এজেন্ডারের বাইরে সমান্তরাল কূটনৈতিক উদ্যোগ নেওয়ার একটি সুযোগ তৈরি হয়।
উচ্চপর্যায়ের বৈঠকের সপ্তাহজুড়ে তুর্কি হাউস দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইয়ানি সাফাক











