প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী ভূমিকা পালন করবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক বৈশ্বিক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের আগে দক্ষ করে তুলতে হবে। প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।
তিনি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্থানীয় বাস্তবতায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শ্রেণিকক্ষের শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপান্তর করতে পারে।
সূত্র : বাসস











