spot_img
spot_img

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ শপথ অনুষ্ঠিত হয়। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে একই সময়ে নিয়োগ পাওয়া ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি করা হলেও বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী নিয়োগ পাননি। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর বয়স ৪৫ বছর পূর্ণ হয়। এরপর বয়সের শর্ত পূরণ হওয়ায় এবার তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ