জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের সামনে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মুখোমুখি অবস্থানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে পৌঁছানোর পর হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে ওঠেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তাঁর এই সফর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত দুদিন ধরে হোটেলের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। বুধবার প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কের বিপরীত পাশে জড়ো হয়ে পাল্টা মিছিল ও বিক্ষোভ করেন।
এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে হোটেলসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সংঘাতে রূপ নেওয়া ঠেকাতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং দুই পক্ষকে আলাদা রাখার উদ্যোগ নেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেখান থেকে চলে যেতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
ওই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











