মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
আরিফুল হক বলেন, এসব পরিস্থিতির ওপর মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া, হাসপাতালে যোগাযোগ করা, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি আরও বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক করা হবে। সেখানে সরকারের নেওয়া পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তথ্য যাচাই না করে কোনো ধরনের বক্তব্য বা বিভ্রান্তিকর প্রচারণা না চালানোর আহ্বান জানান তিনি।











