spot_img
spot_img

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের আলোচনা

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার বিষয়ে আলোচনা করেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে চুক্তির আওতায় বিভিন্ন কাঠামো প্রতিষ্ঠার অগ্রগতি এবং কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তারা।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

বৈঠকে মক্কা চুক্তির আওতায় সচিবালয়, কমিটি ও ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এসব কাঠামো যাতে কার্যক্রম শুরু করতে পারে, সে বিষয়ে প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তিন পররাষ্ট্রমন্ত্রী।

এসপিএ জানিয়েছে, বৈঠকে তিন দেশের চিফ অব স্টাফদের একটি জরুরি বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে কীভাবে সহযোগিতা করা যায়, ওই বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। চুক্তিতে বলা হয়েছে, এর কোনো একটি পক্ষের ওপর হামলা হলে সেটিকে সব পক্ষের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

যৌথ অবস্থানে তিন পররাষ্ট্রমন্ত্রী মক্কা এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রশংসা করেন।

একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের ভিত্তিতে নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার সৌদি আরবের অধিকার নিশ্চিত করেন তারা।

এমন সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো, যখন ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং ইয়েমেনে তাদের মিত্রদের অগ্রযাত্রা থেকে ইরান নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ