জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের “দৃঢ়” বক্তব্য আমেরিকা ও ইসরাইলের অপরাধ উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি পেজেশকিয়ানের বক্তব্যকে ইরানি জনগণের বৈধ অধিকার রক্ষার ঘোষণা হিসেবে প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার পেজেশকিয়ানের দেওয়া বক্তব্যের প্রশংসা করেন মোহসেনি এজেই। তিনি বলেন, বক্তব্যটিতে “দূরদর্শী ও মহৎ বিভিন্ন বিষয়” তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির আধ্যাত্মিক উত্তরাধিকারকে অবলম্বন করে ইরানি জনগণের বৈধ অধিকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন।
ইরানের এই শীর্ষ বিচারিক কর্মকর্তা বলেন, পেজেশকিয়ানের বক্তব্য আমেরিকা ও ইসরাইলের অপরাধীদেরও লজ্জিত করেছে।
তিনি জোর দিয়ে আরও বলেন, ন্যায়বিচারের জন্য ইরানি জাতির আহ্বান এখন বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও প্রতিধ্বনিত হচ্ছে।
মোহসেনি এজেই বলেন, “যা স্পষ্ট তা হলো, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে আমেরিকা ও ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরাইল) অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।”
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আমেরিকা ও ইসরাইলের এই আগ্রাসন ছিল “অবৈধ ও বেআইনি”। একই সঙ্গে যুদ্ধের সময় সংঘটিত অপরাধগুলো গুরুতর যুদ্ধাপরাধের আওতায় পড়ে। কিছু ক্ষেত্রে সেগুলো বিশেষভাবে ভয়াবহ যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হয়।
তিনি আরও বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের অসংখ্য যুদ্ধাপরাধের ঘটনায় নীরবতা, নিষ্ক্রিয়তা ও নীরব সম্মতির মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর কারণে ইরান আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক মহলের কাছে জবাবদিহি দাবি করছে।
বুধবার সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান আমেরিকার সন্ত্রাসবাদের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে সাম্প্রতিক আমেরিকা ও ইসরাইলের উসকানিবিহীন আগ্রাসী যুদ্ধের তীব্র নিন্দা জানান। তিনি ইরানের ২০০ বছরের আগ্রাসন না চালানোর ইতিহাসের কথা পুনর্ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলে জানান।
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা, বিশেষ করে ফিলিস্তিন ও গাজ্জা উপত্যকার পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের ইরানের ইচ্ছা ছিল পেজেশকিয়ানের বক্তব্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি











