নির্বাচনের পর আবারও ক্ষমতায় ফিরলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছেন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। একই সঙ্গে গাজ্জা ও দখলকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতি এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর কারাকক্ষে গিয়ে তাকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দিতে দেখা যায় বেন গভিরকে। এ সময় তিনি সালামেহকে বলেন, ‘আমি তোমাকে হত্যা করতে চাই। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’
ভিডিওটির সঙ্গে দেওয়া এক বিবৃতিতে বেন গভির বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী হলে সালামেহর মতো ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন। একই বিবৃতিতে গাজ্জা ও দখলকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
হাসান সালামেহ ১৯৯৬ সালে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। ১৯৯০-এর দশকে ইসরাইলে কয়েকটি প্রাণঘাতী বাস বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে তিনি ৪৮টি যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন বলে আল জাজিরা জানিয়েছে।
বেন গভিরের প্রকাশ করা ভিডিওর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি মৃত্যুর হুমকি হিসেবে উল্লেখ করেছে।
ইসরাইলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেন গভিরের এ বক্তব্য ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে ইসরাইলের নীতি এবং গাজ্জা ও দখলকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা আরও তীব্র করেছে।
সূত্র : আল জাজিরা, আনাদোলু এজেন্সি, দ্য টাইমস অব ইসরাইল











