স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি নির্বাচিত সরকার এলে মব থাকবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছিল, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আড়াই হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা না থাকলে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওই বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। সেখানে তিনি দলীয় এজেন্ডা তুলে ধরেছেন, যেগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টিও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেননি।
বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্তগুলোর একটি। কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড ও পুশইন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু বলা হয়নি।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, এই সংকটের সমাধান কীভাবে হবে, সে বিষয়েও কোনো বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও প্রধানমন্ত্রী জাতিসংঘে তুলে ধরতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।











