spot_img
spot_img

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

ছাত্রদের নেতৃত্বে দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। তবে প্রেসিডেন্টের পদ ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না তিনি। ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবেন ভুচিচ।

রোববার (২৭ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন ভুচিচ। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভুচিচ সার্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় ও শেষ মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। এ কারণে ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) তাকে ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছে।

ভুচিচ ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে সার্বিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তার সরকারের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে চলমান বিক্ষোভকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে তার শাসনের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ঘটনার পর শিক্ষার্থীরা জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে এই আন্দোলন আগাম নির্বাচনের দাবিতেও রূপ নেয়।

এই আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ২৫ অক্টোবরের সংসদীয় নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা দিয়েছে। ‘স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্টস উইন’ নামে তালিকাটিতে ২৫০ জন প্রার্থী রয়েছে। ১৫ সেপ্টেম্বর সার্বিয়ার রিপাবলিক ইলেক্টোরাল কমিশন তালিকাটি অনুমোদন করে।

এদিকে ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ভুচিচ সার্বিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়ে ওই তারিখে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে স্বাক্ষর করেছিলেন।

ভুচিচ পদত্যাগের পর সার্বিয়ার পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াও শুরু হবে।

ভুচিচের পদত্যাগের পর ২৫ অক্টোবরের সংসদীয় নির্বাচন এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ