spot_img
spot_img

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা সহায়তা ঘোষণা জামায়াতের

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়। প্রয়োজন হলে স্থানীয় মানুষের চিকিৎসাসেবার জন্য আরও সহযোগিতা করার কথাও জানান তিনি।

জামায়াত আমির বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও অসামাজিক কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার সাহস কেউ করতে পারে না।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কেন্দ্রে প্রবেশ করেন। পরে মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির জায়গায় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রথম আলো। তবে এ বিষয়টি তদন্তসাপেক্ষ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনার পর ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ